বুধবার, ১ জুন, ২০১১

হযরত উমর ইবনুল খাত্তাব

(পর্ব: ১)
নাম ‘উমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফ্স। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আ’দী গোত্রের লোক। ‘উমরের অষ্টম উর্দ্ধ পুরুষ কা’ব নামক ব্যক্তির মাধ্যমে রাসুলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম’র নসবের সাথে তাঁর নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা ‘হানতামা’ কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবন মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পৌত্র। মক্কার ‘জাবালে আকিব’-এর পাদদেশে ছিল জাহিলী যুগে বনী ‘আ’দী ইবন কা'বের বসতি।এখানেই ছিল হযরত উমরের বাসস্থান। ইসলামী যুগে ‘উমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় ‘জাবালে উমর’-উমরের পাহাড়। (তাবাকাতে ইবন সা’দ ৩/৬৬) ‘উমরের চাচাত ভাই. যায়িদ বিন নুফাইল। হযরত রাসূলে কারীমের আবির্ভারের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তিপুজা ত্যাগ করে জাহিলী আরবে যাঁরা তাওহীদবাদী হয়েছিলেন, যায়িদ তাঁদেরই একজন।
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র জন্মের তের বছর পর তাঁর জন্ম। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র বয়সের সমান ৬৩ বছর। তবে তাঁর জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।