উম্মুল মু‘মেনীন হযরত সাওদা বিনতে যাম‘আ, পিতার নাম: যাম‘আ ইবনে কায়েস ইবনে আবদে শামস ইবনে আবদে উদ্দ‘আমেরী আর মাতার নাম: শমুস ইবনাতে কায়েস ইবনে যায়েদ আমর ইবনে আমেরিয়া।
বিবাহ:
চাচাত ভাই সাকরান ইবনে আমর এর সাথে প্রথম বিয়ে হয়। সাকরান আবিসিনিয়া থেকে মক্কায় এলে সাওদাও তাঁর সাথে ছিলেন। সাকরান এবং সাওদা একই সঙ্গে ইসলাম গ্রহণ এবং হিজরত করেন। মক্কায় সাকরানের ইনতিকাল হয়। ইদ্দত পুরো হলে আল্লাহর রাসূল তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। সাওদার পক্ষ থেকে হাতের ইবনে আমর ইবনে আবদে শামসের অভিভাবকত্বে বিয়ে হয়। হযরত সাওদা হচ্ছেন প্রথম মহিলা যিনি হযরত খাদীজার ইনতিকালের পর মহানবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এ বিবাহের বিস্তারিত বিবরণ এই যে, হযরত ওসমান ইবনে মাযউনের স্ত্রী ‘খাওলা’ নবীজীর খেদমতে হাজীর হন। হযরত খাদীজার ইনতিকালের ফলে নবীজী অত্যন্ত ব্যথিত ছিলেন। হযরত খাদীজার বিরহ-ব্যথা তাঁকে ব্যথিত করে তুলে। খাওলা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! খাদীজার ইনতিকালে আপনাকে অত্যন্ত বিষণ্ন দেখছি। হযরত বললেন, ঠিক ব্যাপার তো তাই। খাওলা বললেন, তাহলে আপনার জন্য বিবাহ ঠিক করি? নবীজী তা মঞ্জুর করলে খাওলা সাওদাকে সুসংবাদ শুনান। সাওদা তা কবুল করে বললেন, আমার পিতা-মাতাকে জিজ্ঞেস করে নেব। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নবুওয়্যাতের দশম সালে তাঁর পিতা যাম‘আ ৪শ দিরহাম মহরের বিনিময়ে বিবাহ পড়ান। খুব সম্ভব যাম‘আ বেশি বৃদ্ধ হয়ে পড়ছিলেন বলে হাতেম ইবনে আমর ইবনে আবদে শামসকে বিবাহ অভিভাবক নিযুক্ত করা হয়।
এ বিয়ের পর সাওদার ভাই আব্দুল্লাহ ইবনে যাম‘আ- যিনি তখনও ইসলাম গ্রহণ করেন নি- এসে এ সম্পর্ক জানতে পেরে গভীরভাবে ব্যথিত হন এবং মস্তক ধূলি ধূসরিত করেন। ইসলাম গ্রহণের পর এ আচরণের কথা মনে পড়লে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেন।
সাধারণ অবস্থা:
হেলাল ইবনে মুহাম্মাদ-এর উদ্ধৃতি দিয়ে ইবনে সাআদ উল্লেখ করেন যে, সাকরান ইবনে আমর-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা কালে একবার সাওদা স্বপ্নে দেখেন যে, নবীজী (সা.) আগমন করে তাঁর কাঁধে কদম মোবারক স্থাপন করেছেন। তিনি স্বামী সাকরানের নিকট এ স্বপ্নের কথা ব্যক্ত করলে সাকরান বলেন, তুমি সত্যিই এ স্বপ্ন দেখে থাকলে, আল্লাহর শপথ আমি মারা যাব এবং নবীজী তোমাকে বিয়ে করবেন। তিনি পুনরায় স্বপ্ন দেখেন যে, তিনি তাকিয়া হেলান দিয়ে বসে আছেন, আকাশের চাঁদ ছুটে এসে তাঁর মাথায় পড়ছে। এ স্বপ্ন সম্পর্কেও সাকরানকে অবহিত করলে তিনি বলেন, আমি খুব সহসা মারা যাব এবং আমার পড়ে তুমি বিয়ে করবে। সাকরান সে দিনই অসুস্থ হন এবং কয়েক দিনের মধ্যে ইনতিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না- ইলাইহি রাজিউন।
হযরত সাওদা এবং আয়েশার বিয়ের মাঝখানে খুব একটা ব্যবধান ছিল না। মাত্র কয়েক দিন আগ-পিছ। যাই হোক, হযরত আয়েশাকে বিয়ে করার আগে হযরত সাওদার সঙ্গে নবীজীর বিয়ে হয়েছে। উভয় স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কোন প্রকার দ্বন্দ্ব-সংঘাত ছিল না। ঘটনাবলী থেকে প্রকাশ পায় যে, পরস্পরের মধ্যে সখ্যতা এবং ঐক্য বর্তমান ছিল। ঘর-কন্নার মাঝে হযরত সাওদা হযরত আয়েশাকে পরামর্শ দিতেন।
হযরত সাওদার কণধ ছিল দীর্ঘ। হযরত আয়েশা (রা.) বলেন, এ দৈর্ঘের ফলে তাঁকে সহজে চেনা যেত। একবার তিনি প্রকৃতির ডাকে জঙ্গলে গমন করেন। হযরত ওমর তাঁকে চিনে ফেলেন। হযরত ওমর ইতোপূর্বে আযওয়াজে মুতাহহারাতের বাইরে গমন সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করে পর্দার প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করেন। তাই তিনি সাওদার প্রতি লক্ষ্য করে বলেন, সাওদা আমি আপনাকে দেখে ফেলেছি। কথাটি তাঁর খুব খারাপ লাগে এবং নবীজীর নিকট শেকায়াত করেন। এ ঘটনা পর্দার বিধান নাযিলের আগের। ইমাম বুখারী বলেন, এ ঘটনার পর হিজাব বা পর্দার বিধান নাযিল হয়েছে।
বিদায় হজ্জের পর নবীজী আযওয়াজে মুতাহহারাতকে বলেন, অতঃপর আর ঘরের বাইরে যাবে না। হযরত আবু হুরায়রা (রা.) বলেন, নবীজীর ওফাতের পরও অন্যান্য স্ত্রীরা হজ্জ করেন, কিন্তু সাওদা ইবনাতে যাম‘আ এবং যয়নব জাহাশ এ নির্দেশটি এমন কঠোরভাবে মেনে চলেন যে, আর ঘরের বাইরে যান নি। হযরত সাওদা বলতেন, আমি হজ্জ করেছি, ওমরা করেছি। এখন আল্লাহর নির্দেশ মত ঘরে বসে কাটাবো। দশম বর্ষে হজ্জের সময় হযরত সাওদা নবীজীর সাথে ছিলেন। অন্যদের মুযদালাফায় ত্যাগের আগেই নবীজী তাঁকে যাওয়ার অনুমতি দেন যাতে ভিড়ে তাঁর কষ্ট না হয়। কারণ তাঁর দেহ ছিল বেশ মোটা।
চরিত্র বৈশিষ্ট্য:
ওপরের বর্ণনা থেকে হযরত সাওদার আত্মত্যাগ এবং আনুগত্য পরায়ণতার প্রমাণ পাওয়া যায়। তাঁর চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে অন্যান্য বর্ণনা নিচে উল্লেখ করা হচ্ছে। এসব বর্ণনা থেকে তাঁকে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যাবে। হযরত ওমর (রা.) থলিতে পুরে কিছু দিরহাম পাঠান। হযরত সাওদা (রা.) জানতে চাইলেন, এতে কী আছে? বলা হলো, দিরহাম। তিনি বললেন, থলির খেজুরের মত! এ বলে তখনই বণ্টন করে দেন। হযরত আয়েশা (রা.) বলেন, সাওদা (রা.) ছাড়া অপর কোন নারী আমি হিংসা পরশ্রীকাতরাতা মুক্ত দেখিনি। সাওদা (রা.) ছাড়া অপর কোন নারী সম্পর্কে আমার মনে আকাঙ্খাও জাগেনি যে, তাঁর দেহে যদি আমার প্রাণ হতো। তাঁর মেজাজ ছিল খুব কড়া। কোন কোন সময় মামুলী ব্যাপারে রাগ করে বসতেন। কিন্তু সঙ্গে সঙ্গে প্রকৃতি তাঁর মধ্যে হাসি-কৌতুকের পবিত্র মযাকও আমানত রেখেছিল। অনেক সময় কথা দিয়ে তিনি নবীজীকে হাসাতেন। একবার তিনি নবীজীকে বলেন, গত রাতে আমি আপনার পিছনে নামায পড়েছি। কিন্তু আপনি রুকুতে এত দেরী করেছেন যে, আমার নাক ফেটে রক্ত বের না হয়, সে জন্য আমি নাক চেপে ধরেছিলাম। হযরত তাঁর কথা শুনে মৃদু হাসেন।
ওফাত:
হযরত ওমরের খেলাফত কালের শেষের দিকে, হযরত সাওদা ইনতিকাল করেন। এ বিষয় ইবনে আব্দুল বার’র মতের সাথে ইমাম বুখারীসহ অন্যান্য নির্ভরযোগ্য মুহাদ্দেসীনরাও একমত। আফফান ইবনে মুসলেম-এর উদ্ধৃতি দিয়ে ইবনে সা‘আদ লিখেন যে, একদা সকল আযওয়াজে মুতাহহারত মিলিত হয়ে নবীজীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার মধ্যে কে সর্ব প্রথম আপনার সাথে মিলিত হবেন? হযরত জবাব দেন, তোমাদের মধ্যে যার হাত সবচে দরায। নবীজীর ওফাতের পর, তাদের সকলে একে অন্যের হাত মাপেন। দেখা যায়, হযরত সাওদার হাত সবচে দরায। কিন্তু সকলের আগে হযরত যয়নব বিনতে জাহাশ-এর ওফাত হলে জানা যায় যে, দরায হাত অর্থ দাতার হাত, সদকা-দান-খয়রাত। এটা ছিল হযরত যয়নবের অতি প্রিয় কাজ। মুহাম্মাদ ইবনে আমর বলেন, হাদীসটি সাওদার ব্যাপারে প্রযোজ্য নয়, আর আসলেও তাই। বরং হাদীসটি হযরত যয়নব বিনতে জাহাশ সম্পর্কে। আযওয়াজে মুতাহহারাতের মধ্যে সকলের আগে তাঁর ইনতিকাল হয়েছিল। সাওদা তখনও বেঁচে ছিলেন। আওলাদ:
অধিকাংশ সীরাত গ্রন্থে তাঁর সন্তাদি সম্পর্কে কিছু উল্লেখ নেই। যুরকানী উল্লেখ করেন যে, তাঁর প্রথম স্বামীর পক্ষে একমাত্র পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। তার নাম ছিল আব্দুর রহমান। হালুলার যুদ্ধে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। সূত্র: মহিলা সাহাবী নিয়াজ ফতেহপুরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন