শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

মে দিবস উপলক্ষ্যে প্রবাসীর চিঠি



প্রিয় ব্লগারগণ!
আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকুতুহ। প্রবাস জীবনে আপনাদের সবার শান্তি ও সুস্থ্যতা এবং নিরাপত্তা আমাদের একান্ত কাম্য। তবে এই প্রবাসী কঠিন জীবনে সবার শান্তি ও নিরাপত্তা কিছু বিষয়ের উপর নির্ভরশীল। এ প্রসঙ্গে সঠিক জীবনদৃষ্টির সাথে আমরা সঙ্গ আচরণের কথা উল্লেখ করতে পারি। আত্মসমালোচনাও করতে হবে আমাদেরকে। সতর্কও থাকতে হবে, যেন আমাদের আচরণে কারো শান্তি ও নিরাপত্তা বিঘিœত না হয়। যদিও কিছু সংখ্যক লোকের জন্য আমাদের মান-সম্মান হারিয়ে গেছে, এই কুয়েতের বুকে। আমাদের উচিত হবে, এই অল্প সংখ্যক লোককে আইনের আওতায় নিয়ে আসা। যাতে করে আমরা আমাদের হারানো সম্মান আবার ফিরে পাই। মূল কথা হলো, আমরা যদি প্রত্যেকে সচেতন হই যে, কোন অপরাধ করবো না, এবং অপরাধকে প্রশ্রয়ও দেবো না, তবে কিন্তু আমরা সসম্মানের সাথে বুক উঁচু করে নির্বিঘ্নে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তাওফীক ও শক্তি দান করুন। আমীন।

সাম্প্রতিক সময়ে শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বেই খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই দেশে-দেশে খাদ্য নিরাপত্তার কথা উঠেছে এ ক্ষেত্রে খাদ্য সমৃদ্ধ উন্নত দেশগুলো বড় ভূমিকা রাখতে পারতো। কিন্তু তাদের অনেকেই পালন করছে অনাকাঙ্খিত ভূমিকা। যেমনটি দেখতে পাই আমরা আমাদের দেশেও। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্যবৃদ্ধির লক্ষ্যে মাল আটক রাখে। বাজার অস্থির করে ফেলে, পরে চড়ামূল্যে বিক্রি করে। সরকার বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। বিদেশীরা খাদ্যকে এখন ব্যবহার করছে বায়োফুয়েল উৎপাদনে। জ্বালানীর জ্বালা আর কাকে বলে! উন্নত বিশ্ব অনেক বেশি জ্বালানী ব্যবহার করছে নানা কাজে। তাদের সব কাজই মানবোচিত কিনা সেই প্রশ্ন উত্থাপন করা যায়। জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বায়োফুয়েল উৎপাদন তৎপরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এই একটি উদাহরণ থেকেও উপলব্ধি করা যায় যে, আত্মসমালোচনার ব্যাপারে মানুষ এখনও তেমন সচেতন নয়।
প্রিয় পাঠক! সারা বিশ্বের শ্রমজীবী মানুষ পহেলা মে “মে দিবস” পালন করে থাকেন। শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার কথা এদিন বিশেষভাবে উচ্চারণ করা হয়ে থাকে। ১৮৮৬ সালের ‘পহেলা মে’ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণ ও ন্যায্য মজুরির দাবীতে সর্বাত্মক ধর্মঘট শুরু করে। পরে পুলিশের গুলিতে নিহত হয় ১০ শ্রমিক, আহত হয় অনেকে। অধিকারের জন্য প্রাণ দিল শ্রমিক, কিন্তু বিশ্বের শ্রমিক সমাজ তাদের কাঙ্খিত অধিকার অর্জনে সক্ষম হয়েছে কি? গেল ২০০৮ সালের শেষের দিকে কুয়েতে বাংলাদেশী শ্রমিকগণ তাদের ন্যায্য দাবী তথা বেতন বৃদ্ধি ও মাস শেষে বেতন আদায় নিয়ে মালিক পক্ষের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হয়। এতেও কী শ্রমিকদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে..? এ প্রশ্ন আজও করা যায়। অথচ এ সমস্যা সমাধানে চৌদ্দশ’ বছর আগেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে পথ দেখিয়েছেন। ইসলাম শ্রেণীস্বার্থের বদলে শ্রমিক-মালিক উভয়কেই ইনসাফ ও ভ্রাতৃত্বচেতনায় উদ্বুদ্ধ হতে বলে। আসলে অধিকার ও কর্তব্যের ব্যাপারে মানুষ সচেতন হলে শ্রমিকদের সমস্যা, শিল্পের সমস্যাসহ অন্যান্য সংকটেরও সমাধান হতে পারে। মহান আল্লাহ আমাদের আত্মসমালোচনার সাথে সাথে মহান কর্তব্য পালনের তাওফিক দিন- সকল প্রবাসী সুখ শান্তি ও নিরাপত্তা কামনা করে আজকের চিঠি এখানেই যবানিকা টানছি। আল্লাহ হাফেজ ॥

কোন মন্তব্য নেই: