প্রশ্নোত্তর
প্রশ্ন: হাদীসে এসেছে একবার মায়ের মুখের দিকে সুনজরে তাকালে একটি কবুল হজ্জের সাওয়াব হয়। আমার প্রশ্ন হলো; আমি তো মায়ের কাছ থেকে অনেক দূরে আছি। আমার মত যারা প্রবাসে আছে, তারা কিভাবে এই সাওয়াব পেতে পারি। কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে জানতে চাই। মুহাম্মাদ সাইফুল ইসলাম (এরশাদ) , ফরওয়ানিয়া, কুয়েত।উত্তর: যে হাদীসটিতে মায়ের মুখের দিকে সুনজরে তাকালে কবুল হজ্জের সাওয়াবের কথা রয়েছে, হাদীসটি মুহাদ্দেসীনে কেরামগণের দৃষ্টিতে সহীহ নয়। এই মর্মে যতগুলো হাদীস বর্ণিত হয়েছে সব ক’টি হাদীসই যঈফ। সুতরাং মায়ের মুখের দিকে তাকানোর আমলটি না করাই ভালো। কিন্তু পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার কথা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে; মহান আল্লাহ বলেন: …পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা। (সূরা বনী ইসরাইল: ২৩) এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে; পিতা-মাতার দিকে, কু-দৃষ্টিতে তাকানোও ধমকের মতই, সুতরাং পিতা-মাতার দিকে সুনজরেই তাকাতে হবে।
প্রশ্ন: ইসলামে পালক সন্তানের বিধান বিস্তারিত জানতে চাই। দিদার মুরগাব কুয়েত।
উত্তর: পৃথিবী জুড়েই বিষয়টি লক্ষণীয় যে, যাদের সন্তান হয় না, তারা অন্যের সন্তান এনে লালন-পালন করে, মা ডাক কিংবা বাবা ডাক শুনার জন্য। সন্তান হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। অনেক পুরুষকে দেখা গেছে, সন্তান না হলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বিষয়টি সম্পূর্ণ মানুষের ক্ষমতার বাইরে। এই মর্মে মহান আল্লাহ বলেন: নভোমন্ডল ও ভূমন্ডলের রাজতঁ আল্লাহ্ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। (সূরা শূরা ৪৯-৫০)
যে কেউ ইচ্ছা করলে কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান লালন-পালন করতে পারবে। তবে মনে রাখতে হবে, যে বয়োপ্রাপ্ত হলে, এর উভয়-ই পরপুরুষ ও পরনারীর অর্ন্তভুক্ত হয়ে যাবে। তাদের সাথে লালন-পালনকারী মাতা-পিতাকে পর্দা করে চলতে হবে। এমনকি পালিত মেয়েকে বিয়ে করাও ইসলামে জায়েজ। যেমন রাসূল তাঁর জীবদ্দশায় বিষয়টি পরিষ্কার করে গেছেন। তেমনিভাবে পালক ছেলে, তার পালক মাকে বিয়ে করতে পারবে। আর পালক সন্তান উত্তরাধিকার সম্পদের মালিক হয় না।
প্রশ্ন: পর্দা কী শুধু মেয়দের জন্য নাকি পুরুষদের জন্য পর্দার বিধান রয়েছে?
মিযানুর রহমান হাসাবিয়া, কুয়েত
উত্তর: ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা করতে হবে। ছেলে মেয়ে উভয়ের জন্য দৃষ্টি নত রাখা জরুরী। অর্থাৎ বেগানা মেয়ের প্রতি ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা ছেলেদের জন্যও হারাম। (আহসানুল ফতোয়া খ: ৫ পৃ: ১৯৯, এআলাউস সুনান খ:১৭ পৃ: ৮২১) তদ্রƒপ মাহরাম ব্যতিত কোন ছেলের প্রতি ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা মেয়েদের জন্যও হারাম। (আহকামুল কুরআন খ:৩, পৃ: ৪২২)
কুরআন থেকে দলীল
১ম দলীল।
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ * وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
হে নবী! মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ’র হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। (সূরায়ে নূর আয়াত নং ৩০, ৩১)
এই আয়াতদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, ছেলে মেয়ে উভয়ের জন্য চোখের পর্দা জরুরী। কেননা আল্লাহ তায়ালা উভয়কে দৃষ্টি নত রাখার নির্দেশ দিয়েছেন।
২য় দলীল।
عن ابي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ان الله كتب على ابن ادم نصيبه من الزنا مدرك ذلك لأ محالة فالعينان زناهما النظرالخ
অনুবাদ: বনী আদমের ভাগ্যে ব্যভিচারের একটা অংশ লেখা হয়েছে। তারা তা অবশ্যই পাবে। দু চোখের ব্যভিচার হল কুদৃষ্টিতে দেখা অর্থাৎ পুরুষদের বেগানা নারীদের দেখা আর মহিলাদের মাহরাম ব্যতিত কোন পুরুষকে দেখা। (মুসলিম শরীফ হাদীস নং ২৬৫৭) উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে ছেলে মেয়ে উভয়ের জন্য চোখের পর্দা করা জরুরী।
উল্লেখিত হাদীসের ব্যাখ্যায় আল্লামা যুফার আহমদ উসমানী (রহ:) বলেছেন যে কু-দৃষ্টিতে দেখা জায়েয নাই। তবে বর্তমান ফেতনা-ফাসাদের যুগে, বেগানা মেয়ের প্রতি ছেলেদের দৃষ্টিপাত করা ও মাহরাম পুরুষ ব্যতীত কোন ছেলেদের প্রতি মেয়েদের দৃষ্টিপাত করা ফিকাহবিদরা হারাম করেছেন (এআলাউস সুনান খ: ১৭/ পৃ: ৪২০,৪২১)
পর্দার ক্ষেত্রে মেয়েদের একধাপ বেশি মানার কারণ:
হিজাব ব্যবহার করে পর্দা করা মেয়েদের জন্য জরুরী। কেননা আল্লাহ তায়ালা কুরআনে মেয়েদেরকে হিজাব ব্যবাহার করে পর্দা করার নির্দেশ দিয়েছেন।
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সূরায়ে আহযাব ৫৯)
جلاب (জিলাব) বলা হয় লম্বা চাদর যা দ্বারা মহিলা মাথার উপর থেকে পা পর্যন্ত আবৃত হতে পারে (মাআরেফুল কুরআন)।
হিজাব নিকাব ব্যবহার করে মহিলাদের পর্দা করা, এটি যুক্তিসঙ্গত স্বাভাবিক ব্যাপার। কেননা যে জিনিসটি বেশি আকর্ষণীয় ও মূল্যবান হয়, তা বেশি ঢেকে যতœসহকারে রাখা হয়। আর মহিলারা পুরুষের তুলনায় আকর্ষণীয় বিধায় মহিলাদের হিজাব ব্যবহার করা তাদেরই নিরাপত্তার সহায়ক।
পর্দা করা মেয়েদের সাথে কথা বলা:
বিশেষ প্রয়োজনে পর্দার অন্তরাল থেকে পর্দা করা মেয়েদের সাথে কথা বলা যাবে। বিনা প্রয়োজনে পর্দার অন্তরাল থেকেও কথা বলা জায়েয নয়। (আহসানুল ফতোয়া ৮/৪০, এমদাদুল ফতোয়া ৪/২০০)
শরয়ী দলীল:
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ (সূরায়ে আহযাব ৫৩) উল্লেখিত আয়াত দ্বারা বুঝা যায় বিশেষ প্রয়োজনে পর্দার আড়াল থেকে মেয়েদের সাথে কথা বলা যাবে।
উল্লেখিত প্রশ্নের শেষাংশের আপত্তিটি কুরআনের সঠিক অর্থ না বুঝার কারণে হয়েছে:-
কুরআনে আছে পর্দা করতে হবে এমনভাবে যেন চেনা যায়। এর অর্থ এই নয় যে পর্দা করা মেয়েদের আকৃতি বা চেহারা চেনা যায়। বরং ছহীহ অর্থ বুঝে আসবে আয়াতের শানে নুযুলের দিকে লক্ষ্য করলে
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
উক্ত আয়াতখানা নাযিল হয়েছে এ প্রসঙ্গে যে, মুসলমানদের দাসীরা কাজের জন্য বাইরে গেলে দুষ্ট প্রকৃতির মুনাফেকরা উত্যক্ত করত। আর মাঝে মধ্যে দাসী সন্দেহে স্বাধীন মুমীনা মেয়েদের উত্যক্ত করত এতে রাসূল (সা:) কষ্ট পেতেন। তাই এই আয়াতে স্বাধীন মুমীনা মেয়েদের এক বিশেষ ধরনের পর্দার হুকুম দেয়া হয়েছে। যে তাঁরা মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ম-ল ঢেকে রাখবে যাতে দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র্য ফুটে উঠে ও দুষ্টদের থেকে নিরাপদ হয়ে যায় (তাফসীরে কুরতবী ১৪/২৪৩, তাফসীরে তবারী ১০/৩৩২, আহকামুল কুরআন ৩/৪১০)
উপর্যুক্ত আলোচনায় বুঝে আসে স্বাধীন মুমীনা মেয়েরা হিজাব ব্যবহার করে এমন ভাবে পর্দা করবে, যেন চেনা যায় তাঁরা স্বাধীন মুমীনা মেয়ে দাসী নয়। এর অর্থ এ নয় যে তাদের আকৃতি চেনা যায়। (তাফসীরে কুরতবী ১৪/২৪৪)
প্রশ্ন: কুরআনে পড়ে জানলাম যে, নবীগণ মৃত্যুবরণ করেছেন। আবার লোকমুখে শুনি যে, নবীদের মৃত্যু হয় না! উদাহরণ দেয়, নবীজী কবর থেকে সালামের উত্তর দেন। আর মে‘রাজের ঘটনায় আছে, প্রত্যেক আছমানে একজন নবীর সাথে রাসূলের কথোপকথন হয়েছে। এসব বর্ণনা কী ভুল? বিস্তারিতভাবে জবাব দিয়ে উপকৃত করবেন। হাসান মল্লিক।
উত্তর: হ্যাঁ আপনি কুরআন পড়ে যা জেনেছেন, তা সত্যি। সূরা যুমারের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন: নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন, এবং তারাও মৃত্যুবরণ করবে। আর আপনি যা লোক মুখে শুনেছেন, যে নবীদের মৃত্যু হয় না, এটা সঠিক নয়। তাদের উদাহরণের জবাব হলো: আমাদের নবী (সা.) কবরে জীবীত আছেন, হায়াতে বারযাখিয়া (পরকালীন জীবন) হিসেবে। এর বিবরণ আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। কবরের জীবনটি দুনিয়ার যিন্দেগীর মত নয়। বরং কবরের জীবনটি একটি স্বাতন্ত্র জীবন, নবীজী কবরে জান্নাতের সুবাস পেয়ে থাকেন। কেউ তাঁকে ছালাম দিলে তিনি শুনতে এবং রূহানী পদ্ধতিতে জবাব দেন। সহীহ সনদে ইমাম আবু দাউদ (রহ.) বর্ণনা করেছেন: হযরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন: কেউ আমাকে ছালাম দিলে, আল্লাহ সেই ছালাম আমার রূহে পৌঁছায়ে দেন, আমি ছালামের জবাব দেই। ইমাম বায্যার হাসান সনদে বর্ণনা করেছেন; ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন; আল্লাহ কর্তৃক নির্ধারিত কিছু ফেরেশতা পৃথিবীর বুকে বিচরণ করে, এবং যারা আমার উপর ছালাম পাঠ করে সেই আমার কাছে পৌঁছায়। এই বিষয়ের উপর অনেক হাদীস রয়েছে, এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব না।
শহীদদের বেলায়ও মহান আল্লাহ বলেছেন, তারা কবরে জীবীত। মানে রূহানী দিক থেকে তারা জীবীত। আল্লাহ বলেন: আর যারা আল্লাহ্র রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। (সূরা আলে ইমরান: ১৭৩) মহান আল্লাহ অন্যত্র বলছেন:
আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না। (সূরা বাকারা: ১৫৪)
এসব আয়াত ও হাদীস থেকে এ কথা স্পষ্ট বোঝা গেল যে, শহীদগণের রূহ বা আত্মা সুউঁচু স্থানে সংরক্ষিত। আর আল্লাহর রাসূল (সা.) তো শহীদদের মর্যাদা অপেক্ষা অধিক মর্যাদাপ্রাপ্ত। তিনি রূহানীভাবে জীবীত, তাই বলে তিনি গায়েবের খবর সম্পর্কে জ্ঞাত নন, এমনকি দুনিয়ার কোন কর্ম-কাণ্ড সম্পর্কে অবহিত নন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত বিষয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর রাসূল (সা.) যে গায়েব জানেন না, সে সম্পর্কে একটি হাদীস উল্লেখ করেই জবাব শেষ করছি। কিয়ামতের দিন বিশেষ কিছু লোকদেরকে হাউজে কাওসারের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। তখন রাসূল (সা.) বলবেন, হে আমার প্রতিপালক! এরা তো আমার উম্মত, আল্লাহ বলবেন, আপনার মৃত্যুর পর এরা যা করেছে, সে সম্পর্কে আপনি জানেন না। (বুখারী ও মুসলিম)
আর রাসূলের মে’রাজের সময় প্রত্যেক আসমানে যে, বিভিন্ন নবীগণের সঙ্গে সাক্ষাত হয়েছে; সবই রূহানী পদ্ধতিতে হয়েছে। সুতরাং বোঝাগেল কোন নবী বা রাসূল স্বশরীরে জীবীত নন। মহান আল্লাহ আমাদের সকলকে কুরআন ও হাদীসের সহীহ বুঝ দান করুন। আমীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন